বহুল কাঙ্ক্ষিত T.O. লাইসেন্স পেল বাংলাদেশ ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশন


BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Sep 3, 2026 বহুল কাঙ্ক্ষিত T.O. লাইসেন্স পেল বাংলাদেশ ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশন
বাণিজ্য সংগঠন হিসেবে সরকারি স্বীকৃতি; ফ্লাওয়ার মিল শিল্পের উন্নয়নে নতুন দিগন্তের সূচনা

বাংলাদেশের ফ্লাওয়ার মিল শিল্পের জন্য আজ একটি আনন্দ ও গৌরবের দিন। দীর্ঘদিনের প্রচেষ্টা, ঐকান্তিক পরিশ্রম এবং দেশের সকল ফ্লাওয়ার মিলারদের সম্মিলিত সহযোগিতার ফলে অবশেষে বহুল কাঙ্ক্ষিত T.O. (Trade Organization) লাইসেন্স অর্জন করেছে বাংলাদেশ ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ।
বাণিজ্য সংগঠন আইন, ২০২২-এর ৩ ধারা অনুযায়ী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয় থেকে সংগঠনটিকে এই লাইসেন্স প্রদান করা হয়েছে।

আজ ১৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বাণিজ্য সংগঠনের মহাপরিচালকের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে সংগঠনের T.O. লাইসেন্স (লাইসেন্স নং: ১১/২০২৬) গ্রহণ করেন বাংলাদেশ ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আলহাজ মোহাম্মদ সোহাগ এবং সেক্রেটারি জেনারেল মোহাম্মদ ময়নুদ্দিন মাসুদ।

দীর্ঘদিনের প্রচেষ্টার সফলতা:

লাইসেন্স অর্জনের পর সংগঠনের নেতৃবৃন্দ মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন। একই সঙ্গে দেশের সকল ফ্লাওয়ার মিল মালিকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।
তারা বলেন, সকল ফ্লাওয়ার মিলারের ঐক্যবদ্ধ প্রচেষ্টা, সহযোগিতা ও অক্লান্ত পরিশ্রমের ফলেই এই গুরুত্বপূর্ণ অর্জন সম্ভব হয়েছে।

সংগঠনের সভাপতি আলহাজ মোহাম্মদ সোহাগ এবং সেক্রেটারি জেনারেল মোহাম্মদ ময়নুদ্দিন মাসুদ বলেন,
“এই অর্জন শুধু বাংলাদেশ ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশনের নয়; এটি বাংলাদেশের সকল ফ্লাওয়ার মিলারদের সম্মিলিত অর্জন। এই স্বীকৃতির মাধ্যমে দেশের ফ্লাওয়ার মিল শিল্পের উন্নয়ন, ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ এবং শিল্প সংশ্লিষ্ট বিভিন্ন সমস্যা সমাধানে সংগঠন আরও কার্যকর ভূমিকা রাখতে পারবে।”

ফ্লাওয়ার মিল শিল্পের উন্নয়নে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
বাংলাদেশ ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সংগঠনের সকল সদস্যকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।

একই সঙ্গে দেশের যেসব ফ্লাওয়ার মিলার এখনো সংগঠনের সদস্য হননি, তাদেরকে সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে ঐক্যবদ্ধভাবে ফ্লাওয়ার মিল শিল্পের উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানানো হয়েছে।
নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, দেশের সকল ফ্লাওয়ার মিলার একসঙ্গে কাজ করলে ভবিষ্যতে এই শিল্প আরও শক্তিশালী, আধুনিক ও সমৃদ্ধ শিল্প হিসেবে প্রতিষ্ঠিত হবে।

বাণিজ্য সংগঠন আইন, ২০২২ অনুযায়ী লাইসেন্স প্রদান:
বাণিজ্য মন্ত্রণালয়ের প্রদত্ত লাইসেন্সে উল্লেখ করা হয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিকট সন্তোষজনকভাবে প্রতীয়মান হয়েছে যে, কতিপয় ব্যক্তিবর্গ “ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ” নামে বাণিজ্য সংগঠন প্রতিষ্ঠা করে একটি সাধারণ উদ্দেশ্য সাধন এবং সংগঠনের অন্তর্ভুক্ত ব্যক্তি ও ব্যবসায়ী শ্রেণির প্রতিনিধিত্ব করার উদ্দেশ্যে একত্রিত হয়েছে।
এ প্রেক্ষিতে বাণিজ্য সংগঠন আইন, ২০২২-এর ৩ ধারা অনুসারে সরকার সংগঠনটিকে নিম্নোক্ত শর্তসাপেক্ষে বাণিজ্য সংগঠন লাইসেন্স প্রদান করেছে।

লাইসেন্সের উল্লেখযোগ্য শর্তসমূহ:

১. লাইসেন্স প্রদানের তারিখ হতে ৬০ (ষাট) দিনের মধ্যে সংগঠনটিকে যৌথমূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তরে (RJSC) সীমিত দায়সহ নিবন্ধন সম্পন্ন করতে হবে এবং নামের সঙ্গে “লিমিটেড” শব্দ ব্যবহার করা যাবে না।
২. সরকার প্রয়োজন অনুযায়ী সংগঠনের অনুমোদিত সংঘস্মারক ও সংঘবিধিতে সংশোধন বা পরিবর্তন আনার ক্ষমতা সংরক্ষণ করবে এবং নির্দেশনা প্রদান করা হলে সংগঠনকে তা বাস্তবায়ন করতে হবে।
৩. RJSC নিবন্ধনের পর নিবন্ধক কর্তৃক সত্যায়িত সংঘস্মারক, সংঘবিধি ও নিবন্ধন প্রত্যয়নপত্রের কপি বাণিজ্য সংগঠন অনুবিভাগে জমা দিতে হবে।
৪. অনুমোদিত সংঘস্মারক ও সংঘবিধির কোনো বিধান বাণিজ্য সংগঠন আইন, ২০২২-এর সঙ্গে সাংঘর্ষিক হলে আইনের বিধান প্রাধান্য পাবে।
৫. সরকার কর্তৃক সময়ে সময়ে আরোপিত সকল শর্ত ও বিধি-বিধান সংগঠনকে পালন করতে হবে।
৬. সংগঠনের জন্য একটি স্থায়ী অফিস প্রতিষ্ঠা করতে হবে।
৭. নিবন্ধনের পর ১ মাসের কম নয় এবং ৩ মাসের অধিক নয় এমন সময়ের মধ্যে প্রথম সাধারণ সভা আহ্বান করতে হবে এবং ৬ মাসের মধ্যে নির্বাচনের মাধ্যমে পূর্ণাঙ্গ নির্বাহী কমিটি গঠন করতে হবে।
৮. সংগঠন সরকার, জনস্বার্থ বা রাষ্ট্রবিরোধী কোনো কার্যক্রমে যুক্ত হতে পারবে না।
৯. বাণিজ্য সংগঠন আইন, বিধিমালা বা লাইসেন্সের শর্ত লঙ্ঘন করা হলে সংগঠনের লাইসেন্স বা নিবন্ধনের কার্যকারিতা বাতিল বলে গণ্য হবে।

ফ্লাওয়ার মিল ব্যবসায়ীদের জন্য ঐতিহাসিক মাইলফলক:

সংশ্লিষ্টরা মনে করছেন, বাংলাদেশ ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশনের এই T.O. লাইসেন্স অর্জন দেশের ফ্লাওয়ার মিল শিল্পের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এর মাধ্যমে দেশের ফ্লাওয়ার মিল মালিকদের একটি শক্তিশালী ও সাংগঠনিক প্ল্যাটফর্ম তৈরি হলো, যা ভবিষ্যতে শিল্পের উন্নয়ন ও ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
বাণিজ্য সংগঠন অনুবিভাগের মহাপরিচালকের স্বাক্ষরে ২০২৬ সালের সেপ্টেম্বর মাসের ০৩ তারিখে এই লাইসেন্স প্রদান করা হয়।

ব্যবসায়-বাণিজ্য বিভাগের আরো খবর